পরীক্ষার সময় সিসি ক্যামেরা বন্ধের অজুহাত দিলে তা গ্রহণযোগ্য নয় বললেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, শ্রেণিকক্ষে শিক্ষকদের কার্যক্রম ও শিক্ষার্থীদের মনোযোগ পর্যবেক্ষণ করা হবে।
আজ শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে এবং বিদ্যুৎ সংকটের অজুহাত মেনে নেওয়া হবে না।
মিলন আরও বলেন, ‘পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না বললে আমি বুঝবো ডাল মে কুছ কালা হ্যায়। কারণ আইপিএসের মাধ্যমে ক্যামেরা চালানোর জন্য প্রচুর বিদ্যুৎ দরকার হয় না।’
তিনি উল্লেখ করেন, সারা দেশে পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট না হওয়ার জন্য চিঠি দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর অফিস থেকেও নির্দেশনা প্রদান করা হবে। তিনি বলেন, ‘যদি টেকনিক্যাল কারণে ক্যামেরা বন্ধ থাকে, তবে তা গ্রহণযোগ্য হবে না। যদি কেউ অযৌক্তিক অজুহাত দেয়, তবে তা তদন্তের মুখে পড়বে।’
