পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য ফরম পূরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে এবং কোনো প্রকার অর্থ গ্রহণের সুযোগ নেই।

তিনি জানান, এই কার্ডধারীরা মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রথম পর্যায়ে সারাদেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডের বাসিন্দারা এ ফ্যামিলি কার্ড পাবেন, যার মধ্যে পাংশার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী ১০ মার্চ সারাদেশে একযোগে এ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন