ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৪ মার্চ) থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই কর্মসূচিতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই, বরং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, নিয়মিত নদী ও খাল পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রধানমন্ত্রী সারাদেশে আজ থেকে প্রত্যেক শনিবার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন।
তিনি আরও বলেন, বারনই নদীটি অনেক প্রাচীন এবং এটি পরিষ্কার রাখতে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগের মাধ্যমে মৎস্যজাত এবং জমিতে সেচ সুবিধা ফিরিয়ে আনা হবে। এছাড়া, ডেঙ্গুর হাত থেকে সকলকে রক্ষায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের জঙ্গল পরিষ্কার করতে হবে আমাদের। রোগ প্রতিরোধে নদী-নালা পরিষ্কার রাখা জরুরি।
এই কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন রাজশাহী, যাতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
