প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরনো কর্মচারীদের সাথে কথোপকথন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরনো কর্মচারীদের সাথে কথোপকথন

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসার পর পুরনো কর্মচারীদের ডেকে তাদের সাথে কথা বলেছেন। সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন, এরপর কার্যালয়ে প্রবেশ করার সময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এই সময়ে তিনি দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সাথে করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজ-খবর নেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ২০০১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে যেসব কর্মচারী কাজ করতেন, তাদের কয়েকজনকে প্রধানমন্ত্রী নাম ধরে ডেকে কথা বলেন। তিনি তাদের পরিবারের খোঁজ-খবর নেন। ১৯ বছর আগে নবীন ছিলেন এমন কর্মচারীদের চুলে পাক ধরলেও প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি।

এরপর প্রধানমন্ত্রী ‘রেড ব্লকে’ প্রবেশ করে নিজের চেয়ারে বসেন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন। পরে তিনি মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত দুইদিন সচিবালয়ে তার দপ্তরে অফিস করেছেন তারেক রহমান। শনিবারই প্রথম তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।

আরও পড়ুন