বগুড়ায় জমি বিরোধে জামায়াত নেতা হত্যা, দুই গ্রেপ্তার

বগুড়ায় জমি বিরোধে জামায়াত নেতা হত্যা, দুই গ্রেপ্তার

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারেক (৩০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের মাববুব নগর এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় সাইফুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহত সাইফুল ইসলাম শহরের খান্দার এলাকার মৃত নওশেদ আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন ছিলেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন শহর জামায়াতের প্রচার সম্পাদক ইকবাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের খান্দার ভিআইপি রোড এলাকার মেহেদী হাসান টিটু ও মোস্তাকিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদর থানাধীন এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও তারেককে আঘাত করে গুরুতর আহত করে।

সকাল ১১টার দিকে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় সাইফুলের মৃত্যু হয়। আহত তারেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন