বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হলেও বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নির্বাচন কমিশন সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি সচিব আখতার হোসেন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম চলছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি একসঙ্গে সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। তবে একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হয় তিনি কোন আসনটি নিজের কাছে রাখতে চান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই আসনেই জয়ী হন তারেক রহমান। ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। বগুড়া-৬ আসনে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।

আইন অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ফলে বগুড়া-৬ আসনে দ্রুতই নতুন তফসিল ঘোষণা করবে ইসি।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। এছাড়া আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল এখনো ঝুলে আছে।

আরও পড়ুন