বগুড়া-৬ উপ-নির্বাচনে সাড়ে ৪ ঘণ্টায় ১৭.৫৩ শতাংশ ভোট

বগুড়া-৬ উপ-নির্বাচনে সাড়ে ৪ ঘণ্টায় ১৭.৫৩ শতাংশ ভোট

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এই আসনে মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। ৬টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে কম এবং ভোটের আমেজও নেই বললেই চলে।

এই উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন। এ ছাড়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন।

এদিকে, আজ সকাল সাড়ে ১১টার দিকে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের কাছে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান।

আরও পড়ুন