বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদার অনুরোধ বিবেচনা করা হচ্ছে: ভারত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদার অনুরোধ বিবেচনা করা হচ্ছে: ভারত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদার অনুরোধ বিবেচনা করছে ভারত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পক্ষ থেকে ডিজেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান। তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর জন্য পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের একটি প্রধান রপ্তানিকারক। বাংলাদেশের কাছ থেকে ডিজেল সরবরাহের অনুরোধ পেয়েছি এবং এটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

শ্রীলঙ্কা ও মালদ্বীপের পক্ষ থেকেও জ্বালানি চেয়ে অনুরোধ করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গত কয়েকদিনে তিনবার আলোচনা হয়েছে, যেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা ও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

জয়সোয়াল জানান, ২০১৭ সাল থেকে বাংলাদেশে ডিজেল রপ্তানি অব্যাহত আছে এবং ভারতের শোধনাগারের সক্ষমতা, অভ্যন্তরীণ চাহিদা ও প্রাপ্যতা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের জানান, পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি তেল চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি আমদানি ব্যাহত হতে পারে। তাই চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে সরকার বিদ্যমান চুক্তির বাইরে নতুন উৎস খুঁজছে।

আরও পড়ুন