জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপর বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও, তিনি বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
এর আগে শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সেই লক্ষ্যে ঢাকা–৯ আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সেই হিসাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, ‘আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।’
তিনি আরও লিখেছেন, ‘আমি যেহেতু কোন দলের সাথে থাকছি না, তাই আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’
