ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ ও বিজেপির কার্যালয়ে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রদল নেতা সিফাত হাওলাদার হত্যার বিচারের দাবিতে বিএনপির মিছিল চলাকালে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে জেলা বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন সদস্য আহত হন।
ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান দাবি করেন, বিজেপির কার্যালয় থেকে মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। তিনি বলেন, বিজেপি নেতাকর্মীরাই নিজেদের কার্যালয় ভেঙে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উত্তেজনা সৃষ্টি করে এবং বিজেপি কার্যালয়ে হামলা চালায়। তিনি দাবি করেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল।
ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সিফাত হত্যাকাণ্ডটি পারিবারিক এবং এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তিনি জানান, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করা হয় এবং ককটেলের শব্দ পাওয়া যায়।
ওসি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্ত করে নির্বাচন কমিশনকে জানানো হবে।
