চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বিএনপি আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত শপথ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আজীবনের জন্য তার অঙ্গীকার অটুট থাকবে।
শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। হান্নান উল্লেখ করেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন।
তিনি বলেন, একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল। এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
হান্নান আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করেননি। নির্বাচন করেছেন একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ।
