বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক মিটিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবিতে টাকা বুঝে নিতে দলের প্রায় সব ক্রিকেটার উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন ওপেনার নাঈম শেখ।
নাঈম শেখ জানান, নিজের টাকা বুঝে পেতে তেমন চিন্তা করতে হয়নি। তিনি বলেন, ‘না, সত্যি কথা বলতে আসলে (চিন্তা) হয়নি। আমরা ক্রিকেট বোর্ডের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। তারা খুবই সুন্দরভাবে আমাদের এটা নিয়ে হ্যান্ডেল করেছে। যখন বোর্ড দায়িত্ব নিয়েছে তখন এই জিনিসটা নিয়ে আমরা এভাবে চিন্তা করিনি। ক্রিকেটাররা সবাই ফোকাসড রেখেছিল খেলায়।’
দলের ম্যানেজমেন্টের প্রশংসা করে নাঈম আরও বলেন, ‘দল হিসেবে আমরা কেমন করবো এটা কিন্তু শুরুতে চিন্তার ছিল। পরে যখন তারা (বাবুল স্যার-বাশার স্যার-নাফিস ভাই) ম্যানেজমেন্টের পাঠ হলো। আমরা সবাই অনেক কনফিডেন্স ছিলাম। সত্যি কথা বলতে তারা ছাড়া যেভাবে সাহায্য করেছে আমাদের জন্য বড় একটা শিক্ষা। এত দ্রুত সবকিছু ম্যানেজ করা।’
বিপিএল শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা থেকে সরে আসে মালিকপক্ষ। এরপর দায়িত্বভার গ্রহণ করে বিসিবি। দলটি চমক দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আসর শেষে ৫০ ভাগ টাকা বুঝে পেয়েছিল ক্রিকেটাররা।
