প্রধানমন্ত্রী মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো বিলবোর্ড ও ব্যানার সরানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরোনোর সময় হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দেন।
রাজধানীর বিভিন্ন স্থানে লাগানো এসব বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। তিনি কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে তার ছবি দেখে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।
এদিকে, সচিবালয়ে সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন এবং কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি এবং অবৈধ পাচার মোকাবেলায় নিয়মিত টহল বাড়ানোর নির্দেশনা দেন।
রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে বলে জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে যানজট নিরসন ও সড়কে যানবাহনের গতি সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ভিআইপি প্রটোকল কমানোর ফলে যানবাহনের গতি বেড়েছে।
প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। এ প্রেক্ষিতে গত ১৪ দিনে যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে।
এছাড়া, সোমবার (২ মার্চ) খুচরা বাজারে মোটা চালের মূল্য বাড়ানোর সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন, যার ইতিবাচক প্রভাব বাজারে পরিলক্ষিত হয়েছে।
