ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নয়ন আহমেদ (২৭) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন আহমেদ ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং তিনি পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কাঁঠালী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামে একজন আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার উদ্দেশে রওনা দেন নয়ন। জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং শাকিল আহত হন।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, নয়ন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
