মধ্যপ্রাচ্যে প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশিদের অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ সময় উপস্থিত ছিলেন। ইরানের ঘটনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

প্রেস সচিব আরও জানান, ইরানে হামলার ফলে অনেক ফ্লাইট বাতিল হওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে, সেটিও তদারিক করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ বিষয়ে কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে নিয়োজিত রয়েছেন।

এদিন সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলার বিষয়ে একটি কর্ম পরিকল্পনা তৈরির নির্দেশ দেন।

বৈঠকের পর আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন