মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে খেলাফত মজলিসের প্রতিবাদ

মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে খেলাফত মজলিসের প্রতিবাদ

বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মুহাম্মাদ মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হত্যা প্রচেষ্টা মামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। রোববার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং একটি গভীর ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের জনসমর্থন দৃশ্যমান হওয়ার পর একটি প্রভাবশালী চক্র ফল বিকৃতির নীলনকশা বাস্তবায়ন করে। বৈধ ভোট অবৈধ ঘোষণা, ফল শিটে টেম্পারিং ও চূড়ান্ত ফল পরিবর্তনের মাধ্যমে প্রকাশ্য ‘রেজাল্ট ডাকাতি’ সংঘটিত হয়েছে। টেলিভিশনে মামুনুল হককে বিজয়ী ঘোষণার পর হঠাৎ সংশোধিত ফল প্রচার জনমনে সন্দেহ সৃষ্টি করেছে।

বিবৃতিতে বলা হয়, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে মামুনুল হককে দমনে মিথ্যা মামলা ও হয়রানির কৌশল নেওয়া হয়েছিল; আজ একই ধারার পুনরাবৃত্তির চেষ্টা দৃশ্যমান। শেখ হাসিনার পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠ সম্পর্ক জনমনে প্রশ্নের উদ্রেক করেছে। অতীত শাসনব্যবস্থার প্রভাবলয় থেকেই বর্তমান অপতৎপরতা পরিচালিত হচ্ছে বলে সংগঠন মনে করে।

আরও পড়ুন