নবাগত সন্তানকে দেখতে যাওয়ার পথে যশোরে দুর্ঘটনায় নিহত হয়েছেন ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাতের মা রেহেনা খাতুন (৪০)। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে একটি বালিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মারা যান তিনি।
রেহেনা খাতুন যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আকবর ওরফে আরমান আলীর স্ত্রী। দুর্ঘটনার সময় ইয়াসিন আরাফাত, যিনি যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, তার মা রেহেনা খাতুনকে নিয়ে সাতক্ষীরার মিমের বাবার বাড়ির উদ্দেশে ছিলেন।
ইয়াসিন জানান, মঙ্গলবার দুপুরে স্ত্রী মিমের সিজারের সংবাদ পেয়ে তিনি মা রেহেনা খাতুনকে নিয়ে রেল রোড এলাকা যান এবং সেখানে নবাগত সন্তান ও স্ত্রীর জন্য নতুন জামাকাপড় কেনেন। পরে যাত্রা শুরু করার পর চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি দ্রুতগামী ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রেহেনা খাতুন রাস্তায় ছিটকে পড়েন এবং ট্রাকের চাকা শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
