মিরপুরে জামায়াত এমপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মিরপুরে জামায়াত এমপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.)-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সোমবার দুপুরে মিরপুর-৬ নম্বর বাজার মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং পরে এটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা জানান, চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবার কারণে সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ সময় বক্তারা এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তারা বাসাবাড়ি থেকে অতিরিক্ত ময়লার বিল আদায় ও চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন