মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় রাইপুর ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন কালু, বিএনপি স্থানীয় নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলফাজ উদ্দিন কালুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সংঘর্ষের সময় সকাল ১০টা থেকে আলফাজ উদ্দিন কালুর লোকজন লাঠিসোঁটা নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান করছিল, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের লোকজন ইউনিয়ন পরিষদের ভিতরে অবস্থান নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে দিয়ে সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আলফাজ উদ্দিন কালু ও তার সমর্থকরা দাবি করেছেন, সারগিদুল ইসলাম অবৈধভাবে দায়িত্ব পালন করছেন এবং গরিবদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধা তার লোকজনের মধ্যে ভাগ করছেন।
প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।
