রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। সোমবার র্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দলের অভিযানে সোহান মুন্সী, মো. হৃদয় হোসেন ও মো. শাকিলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি দুপুরে মো. নূরে আলম ইসলাম লেগুনা চালানোর সময় যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামি হৃদয় হোসেন ও তার সহযোগীরা তাকে মারধর করে গুরুতর আহত করে।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ২১ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা রুজু হয়।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম জোরদার করে।
