পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের যারা ইজারা নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার পরিষ্কার বার্তা হচ্ছে, যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা সিডিউল নেন।
নুরুল হক নুর আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ টাকায় আপনাদের না পোষালে ইজারা নিন না, পরবর্তীতে সমঝোতার জন্য পেছনে ঘুরলেও কোনো কাজ হবে না। অতিরিক্ত টাকায় ইজারা না নিলে জেলা পরিষদ ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশন করবে।
তিনি বলেন, ‘আপনারা জনগণের ওপর জুলুম চাপাতে পারবেন না।’ নুরুল হক নুর বলেন, ইজারা নেওয়ার টাকা ও খরচ তার কাছে বিবেচ্য নয়, জনগণের সেবা ও কল্যাণই তার অঙ্গীকার। আগামীতে ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।
গত ২ মার্চ পটুয়াখালী জেলা পরিষদ গলাচিপার হরিদেবপুরসহ মোট ২১টি খেয়াঘাটের ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে হরিদেবপুর–গলাচিপা বন্দর খেয়াঘাটের সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা।
