রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান চসিক মেয়রের

রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন রমজানে অসহায় ও নিম্নবিত্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় এবং এই মাসে অভাবী মানুষের কথা ভাবা উচিত।

শনিবার নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার সংলগ্ন সড়কে মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কয়েকশ অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ডা. শাহাদাত আরও বলেন, নগরীর উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণেও পাশে থাকা দায়িত্ব। তিনি নগরীর সচ্ছল ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। আবু সুফিয়ান বলেন, মানুষের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য এবং রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ইফতারসামগ্রী বিতরণ বড় ইবাদত।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু এবং মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন