নরসিংদীতে কিশোরীর সঙ্গে নৃশংসতার জন্য রাজনৈতিক প্রশ্রয়কে দায়ী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নরসিংদী মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। বিএনপির এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচার প্রক্রিয়ার পরিবর্তে ওই কিশোরীকে এলাকা ছাড়তে বাধ্য করেছে। এতে ধর্ষক চক্র আবারও তার বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করে। এই ঘটনার বিবরণ অত্যন্ত লোমহর্ষক।
মাওলানা আতাউর রহমান আরও বলেন, রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন এই ঘটনার মূল কারণ। মহিষাসুর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতির পরিচিতির কারণে প্রথম দফায় ধর্ষণের সাহস পেয়েছিল অপরাধীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছে এবং রাজনৈতিক দলের ওপরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
তিনি কেন্দ্রীয় বিএনপিকে পরামর্শ দিয়ে বলেন, সারা দেশের কমিটিগুলো পুনর্গঠন করুন এবং অপরাধী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের কমিটি থেকে বাদ দিন, নাহলে এর দায় আপনারাও নিতে হবে।
