শরীয়তপুরে জামায়াত কর্মীর দুই বছরের কারাদণ্ড, ৭ লাখ টাকা জব্দ

শরীয়তপুরে জামায়াত কর্মীর দুই বছরের কারাদণ্ড, ৭ লাখ টাকা জব্দ

শরীয়তপুরের নড়িয়ায় জামায়াতে ইসলামীর এক কর্মীকে ৭ লাখ ২০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্টার গোলাম মোস্তফার বাড়ি তল্লাশি করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি খাম এবং অর্থ বিতরণ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

লাকী দাস ঢাকা পোস্টকে বলেন, তিনি ইউএনও স্যারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। তল্লাশিতে নগদ টাকা ও কাগজপত্র পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই-বাছাই করে একজনকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে এম মকবুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, যাকে আটক করা হয়েছে তিনি একজন মাস্টার এবং জামায়াতে ইসলামীর কর্মী। এখন কীভাবে কী হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন