সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচ্যসূচির বাইরে সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই সময়ে উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে। কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় মানুষের কষ্ট লাঘবের জন্য যে সহযোগিতা দেওয়া দরকার, সেজন্য ছুটির মধ্যে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসকদের স্থানীয় তহবিল খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে।
