শেরপুর-৩ আসনে ভোটের জন্য পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

শেরপুর-৩ আসনে ভোটের জন্য পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ভোটের মাঠে লড়বেন পাঁচজন প্রার্থী। সোমবার (২ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গত ৩ ফেব্রুয়ারি জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন করে ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করা হয়। জামায়াতের নতুন প্রার্থী হিসেবে নুরুজ্জামান বাদলের ছোটভাই মাসুদুর রহমান মাসুদ মনোনীত হন।

এ আসনে আগের বৈধ চারজন প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, ইসলামি আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। তবে, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, শেরপুর-৩ আসনে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ২৭৭ জন। আগামী ৫ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন