সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় প্রতারণার অভিযোগ

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় প্রতারণার অভিযোগ

সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে গণভোটে হ্যাঁ’র পক্ষে গণরায় দানকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হলেও ফলে কারচুপি হয়েছে। তবে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে এবং সংসদ ও সংস্কার পরিষদ কার্যকর করতে শপথ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, শপথ গ্রহণ ও মন্ত্রিসভা গঠনের দিনই বাংলাদেশের জনগণ ও সংস্কার প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে গণভোট হয়েছে এবং আদেশে স্পষ্ট বলা হয়েছে, সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া সংস্কারের সঙ্গে প্রতারণা। তিনি বলেন, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তিনি আশা প্রকাশ করেন, সরকারি দল দ্রুত সময়ের মধ্যে শপথ নেবে এবং সংবিধান সংস্কার পরিষদ ছাড়া জাতীয় সংসদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন।

আরও পড়ুন