সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে।
দলটির যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদের ধারা-৮ এ সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে এবং ধারা-৯ এ শপথ নেওয়ার কথা বলা আছে।
তিনি বলেন, বিএনপিসহ সকলেই সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এই সনদের ওপর গণভোট হয়েছে। এখন পুরোনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া স্পষ্টত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাঁড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিল না। গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো।
তিনি বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশঙ্কা হচ্ছে।
