মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৮টায় হাজির হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালের বিভিন্ন দিক পরিদর্শন করেন, যার মধ্যে চিকিৎসকদের উপস্থিতি, অপারেশন থিয়েটার, রোগীদের সেবার মান, হাসপাতালের স্টোর রুম, বাথরুম ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
পরিদর্শন শেষে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, হাসপাতালের ৩২ চিকিৎসকের মধ্যে ১২ জনের এ্যাটাসমেন্টে ৪ জন অনুপস্থিত, প্রশ্ন তুলে বলেন, ‘১৫ চিকিৎসক দিয়ে হাসপাতাল কীভাবে চলে?’ তিনি অবহেলার জন্য দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী সাংবাদিকদের কাছে জানান, হাসপাতালে দালালের দৌরাত্ম্য রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি অ্যাম্বুলেন্সে দালালির ব্যবস্থা ও অনুপস্থিত চিকিৎসকদের বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত, চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং গ্রামীণ জনগণের জন্য ভালো সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
স্বাস্থ্যমন্ত্রী শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ওই হাসপাতালে অবস্থান করেন। এ সময় সিংগাইর পৌরসভার আয়োজনে পূর্ব নির্ধারিত মশকনিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
