স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।
মন্ত্রী জানান, চট্টগ্রামে চাঁদার দাবিতে গুলির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো কিছুই বাদ রাখা হবে না। ওই সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে এবং মানুষের মনে শান্তি ও নিশ্চয়তা ফিরে আসে।
নরসিংদীতে ধর্ষণের ঘটনায় মন্ত্রী জানান, নির্দেশ দেওয়া হয়েছে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সব অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং সেটি করা হয়েছে।
তিনি বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী কতটা কঠোর এবং বিচার নিশ্চিতে সরকার কতটা আন্তরিক। দ্রুত তদন্তের মাধ্যমে আদালতে চার্জশিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে। বিচারক স্বাধীনভাবে বিচার করবেন এবং দ্রুততার সাথে এসব ব্যবস্থা নিলে আর কেউ এমন ঘটনার জন্য উৎসাহিত হবে না।
