বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি।’
স্পিকার উল্লেখ করেন, ‘এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, সে জন্য প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি।’ তিনি আশা প্রকাশ করেন, ‘একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।’
আজ শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। স্পিকার বলেন, ‘আজ আমি এবং ডেপুটি স্পিকার স্মৃতি সৌধে আসতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।’
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘৩১ জুলাই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একটি আক্রমণে আমি আহত হয়েছিলাম।’ তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট প্রসঙ্গে জানতে চাইলে স্পিকার বলেন, ‘সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না।’ তিনি আশা করেন সংসদ সদস্যরা এর চেয়ে বেশি কিছু করবেন না। রাষ্ট্রপতির বিষয়ে মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান এবং বলেন, ‘আমরা নিরপেক্ষ থাকবো এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের ভূমিকা পালন করবো।’
