প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করেছে। তিনি আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়।’ তিনি বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নারীদের রাষ্ট্র এবং রাজনীতির মূলধারায় অন্তর্ভুক্ত না করলে উন্নয়ন সম্ভব নয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা প্রয়োজন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন, যারা নারীর ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন।
তারেক রহমান বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বর্তমান সরকারও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে।
সরকার নারীর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সাইবার বুলিং ও অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে গৃহীত কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।
