চ্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় তিনি মরহুম রউফ জালালের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শুক্রবার বাদ জুমা মরহুমের বাড়িতে গিয়ে আতিকুর রহমান রুমন পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। উল্লেখ্য, বগুড়া থেকে বহুল প্রচারিত দৈনিক ‘আজ ও আগামীকাল’ পত্রিকায় মরহুম রউফ জালালের সঙ্গে একসময় একসঙ্গে কাজ করতেন আতিকুর রহমান রুমন। তাই বগুড়ায় এসেই প্রথমে মরহুম সাংবাদিক জালালের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন তিনি।
এসময় আতিকুর রহমান রুমন বলেন, “মরহুম রউফ জালাল ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আমরা একসঙ্গে অনেকদিন সহকর্মী হিসেবে কাজ করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার স্মৃতিগুলো আমাকে আবেগপ্রবণ করে তোলে। তাই যখনই আমি বগুড়া আসি রউফ জালাল ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করি। তার এই মৃত্যু আমাকে অত্যন্ত বেদনা দিয়েছে।”
উল্লেখ্য, গত বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক রউফ জালাল মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
