চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমীন দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। রোববার সন্ধ্যায় লোহাগাড়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নাজমুল মোস্তফা আমীন বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর লোহাগাড়া ও সাতকানিয়ার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন এলাকায় ধানের শীষের কর্মী, সমর্থক ও নারীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে।
তিনি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি দলীয় কর্মীর মতো আচরণ করেছেন। এলাকার পরিবেশ শান্ত রাখার আহ্বান জানিয়ে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উদ্দেশে বলেন, তিনি চাইলে এলাকাকে অবৈধ অস্ত্রধারী ও বালু সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে পারেন।
নাজমুল মোস্তফা আমীন জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা তাদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করছে না। তিনি হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াত দীর্ঘদিন ধরে এই আসনে নীল নকশার নির্বাচনের পরিকল্পনা করে আসছিল, যা ভোটের দিন প্রশাসনের সহায়তায় বাস্তবায়ন করা হয়েছে। তার অভিযোগ, ভোটের দিন বেলা ১১টার পর কেন্দ্রে নারী ভোটার ছাড়া কোনো পুরুষ ভোটারকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভোট গণনার সময় তাদের একজন এজেন্টের বিপরীতে প্রতিপক্ষের ২০ জন লোক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬১০ ভোট, যেখানে বিএনপির নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৯ ভোট।
