সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা

সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে রাইসমিল মোড়ে অবস্থিত কার্যালয়ে এই ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি বলেন, ‘আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করেছে পুলিশ।’ নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।’

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কবির।

আরও পড়ুন