সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন রাকিব

সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসুর ভিপি সাদিক কায়েমকে বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বলে মন্তব্য করেছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

রাকিবুল ইসলাম বলেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী সাদিক কায়েম নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঙ্গে লবিং করার জন্য ব্যাকুল হয়ে এসএমএস করেন। তিনি আরও বলেন, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রাপ্তির আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন সাদিক কায়েম।

পোস্টের শেষে রাকিবুল ইসলাম লেখেন, ইতিহাস সবসময় নিজেই পুনরাবৃত্তি করে। এর আগে বুধবার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো সাদিক কায়েমের পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্ক্রিনশটটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের শেয়ার করেছেন। স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন। ৩ আগস্টে আবারও সালাম দিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন। ২০১৯ সালের ৩১ জানুয়ারি আবারও সালাম দিয়ে নিজেকে হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন।

তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী। এ পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

আরও পড়ুন