সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আব্দুস সালাম ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনা ঘটে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে।

নিহতরা হলেন, গোয়ালপাড়া গ্রামের মৃত মমছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের সরকারি পাঁচ বিঘা খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছিল।

আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে চাষাবাদ করছিলেন। অপরদিকে, বিএনপি নেতা আবুবক্কর সিদ্দিক ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর পুকুরটি ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে আবুবক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে জাল ফেলে মাছ মারার চেষ্টা করেন।

এ সময় আছমত আলী তার লোকজন নিয়ে বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠি নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। এতে অন্তত ১২ জন আহত হয়।

রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন