ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে ৩৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২০ জন জামানত হারিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মো. সারওয়ার আলম বেসরকারিভাবে সিলেটের ছয়টি আসনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, নির্বাচনে কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পান, তবে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে সিলেটের ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনে ৬জন, সিলেট-২ আসনে ৩জন, সিলেট-৩ আসনে ৪জন, সিলেট-৪ আসনে ৩জন, সিলেট-৫ আসনে ১জন এবং সিলেট-৬ আসনে ৩জন।
সিলেট-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৩৯। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া ছয় প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। প্রার্থীরা হলেন গণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪ ভোট), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল (১,১৩৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান (২,৭০১ ভোট), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (৯০৮ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. শামীম মিয়া (২৩৯ ভোট) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঞ্জয় কান্ত দাস (৮০১ ভোট)। আসনটিতে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৪০ হাজার ৬৯২ ভোট।
সিলেট-২ আসনে মোট ভোট ১ লাখ ৬৪ হাজার ৫০৭। এ হিসেবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ন্যূনতম ২০ হাজার ৫৬৩ ভোট। তিনজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (১,৪২০ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (১,৪০৮ ভোট) এবং গণফোরামের মো. মজিবুল হক (৬৩৭ ভোট)।
সিলেট-৩ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৬৪৭। জামানত রক্ষায় প্রয়োজন ছিল কমপক্ষে ২৫ হাজার ৫৮১ ভোট। চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর (২৯৭ ভোট), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (৪,১৯৯ ভোট), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (২,৬৩০ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (১,৩৯১ ভোট)।
সিলেট-৪ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৭০ হাজার ৫৬৫। এ আসনে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ (২,৭১৪ ভোট) এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (১,৯৬৬ ভোট)।
সিলেট-৫ আসনে ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮। ৪ জনের মধ্যে এ আসনে একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (৩৭২ ভোট) জামানত হারিয়েছেন।
সিলেট-৬ আসনে মোট ভোটের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯৬। তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (২৩,৮৪৬ ভোট), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (১,৩৮৬ ভোট) ও জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর (১,১৭০ ভোট)।
উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে আটজন, সিলেট-২ আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন ও সিলেট-৬ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
