হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, প্রাণহানি এড়ানো

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, প্রাণহানি এড়ানো

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মধ্যরাতে এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও নোয়াখালী জেলা শাখার সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বাড়িতে আগুন দেয়। ভুক্তভোগী পরিবার জানায়, সুজনের বাবা মো. বেলাল মিয়া ওই বাড়িতে বসবাস করতেন, তবে ঘটনার সময় তারা অন্য বাড়িতে থাকায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। আগুনে বসতঘরের আসবাবপত্র ও কাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়াসিন আলী সুজন বলেন, হাতিয়ার প্রকল্প বাজার এলাকায় শাপলা কলিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়ে। তিনি প্রকাশ্যে বলেছেন, অভিযোগটি মিথ্যা এবং পরে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। এর জেরে সন্ত্রাসীরা তার বাড়ির গেটে তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি দাবি করেন, একটি নবগঠিত সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। তিনি বলেন, শান্ত হাতিয়াকে অশান্ত করে তোলা হচ্ছে এবং আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন