হাতিয়া ধর্ষণ অভিযোগ ভিত্তিহীন দাবি করে আসিফ-হান্নানের ক্ষমা চাওয়ার আহ্বান নাছিরের

হাতিয়া ধর্ষণ অভিযোগ ভিত্তিহীন দাবি করে আসিফ-হান্নানের ক্ষমা চাওয়ার আহ্বান নাছিরের

নোয়াখালীর হাতিয়ায় নারী ধর্ষণের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ ও এমপি আবদুল হান্নান মাসউদসহ সংশ্লিষ্টদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। নাছির বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বক্তব্যে অভিযোগটি অসত্য বলে প্রতীয়মান হয়েছে।

তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন, যা একই সময়ে অন্যত্র ঘটনা ঘটানোর দাবির সঙ্গে সাংঘর্ষিক। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে দুই ঘণ্টার বেশি সময় লাগে বলে তিনি যুক্তি দেন।

নাছির আরও বলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের কর্মসূচি স্থগিত করা ঘটনাটির ভিন্ন মাত্রা স্পষ্ট করে। ধর্ষণের মতো স্পর্শকাতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা নৈতিক অবক্ষয়ের পরিচয়।

তিনি এনসিপির হান্নান মাসুদ ও আসিফ মাহমুদসহ শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী এবং সংশ্লিষ্ট এনসিপি নেতাদের জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করার দাবি জানান। নাছিরের বক্তব্যে সত্য প্রতিষ্ঠা, অপপ্রচার বন্ধ এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি পরিহারের আহ্বান রয়েছে।

আরও পড়ুন