হাদি হত্যার বিচারে বিলম্বের কারণ জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার এই মামলা এখনও শুরু হয়নি।
রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল জানান, হাদি ছিলেন গণমানুষের প্রিয় মুখ এবং অনেকে তাকে হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেছিলেন। তিনি জানান, সরকারে থাকা অবস্থায় তিনি আশাবাদী ছিলেন যে, বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।
তিনি বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই হত্যার বিচার এখনও শুরু হয়নি। ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। কিন্তু বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন করেছেন, যা আদালতের জন্য অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন নয়।”
আসিফ নজরুল আরও বলেন, সিআইডির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হলে এবং নারাজি না এলে বিচার শুরু হবে। তবে যদি তদন্তে ত্রুটি বা অসম্পূর্ণতা দেখা দেয়, তাহলে বাদী আবারও নারাজি দিলে বিচার বিলম্বিত হতে পারে।
তিনি উল্লেখ করেন, “আদালত সার্বিক বিবেচনায় সঠিক মনে করলে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারেন, কিন্তু এতে বিতর্কের আশঙ্কা থাকবে।” আসিফ নজরুল বলেন, “যতটা ভাবি, তদন্ত আর বিচার এত সরল নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব।”
