হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি-নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি-নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শনিবার সকালে তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তিনি পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশনা দেন এবং হাসপাতালের কিছু স্থানে নিজেও ময়লা পরিষ্কার করেন। এ সময় তিনি বলেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা করা কোনভাবেই মেনে নেওয়া হবে না।

মন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি এবং রোগীদের সেবায় অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, অনেক চিকিৎসক ব্যক্তিগত ক্লিনিকে সময় দেন, ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী ভবিষ্যতে হাসপাতাল পরিদর্শন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুন