‘হ্যাঁ’ জয়ের পর অটোমেটিক কার্যকারিতা শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

‘হ্যাঁ’ জয়ের পর অটোমেটিক কার্যকারিতা শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক পার্লামেন্টে বিল উত্থাপনের মধ্য দিয়ে এর কার্যকারিতা শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, আমরা নির্বাচন করেছি, এমপি হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাশ করার মাধ্যমে শপথ নিতে হবে এমন আলোচনা কখনো ছিল না। তার মানে সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়ার পর সেটা কখনো নেগেটিভ হবে কখনো পজিটিভ হবে।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে অনেকেই মনে করেছেন নির্বাচনের জন্য আমরা বলেছি। রাজনৈতিক কারণে প্রতিপক্ষ বলেছে, ফ্যামিলি কার্ড তারা দেবেন না। ইতোমধ্যে তারেক রহমান পাইলট প্রোগ্রাম হিসেবে তা দৃশ্যমান করে দিয়েছেন। আগামী মাসে ‘কৃষক কার্ড’ আসছে।

মন্ত্রী বলেন, প্রত্যেকটা জিনিস প্রধানমন্ত্রী অ্যাড্রেস করছেন, রাষ্ট্রের কোথায় কখন কি দরকার। তিনি ছুটির দিনে ক্যাবিনেট মিটিং করছেন, অফিস করছেন। এই জিনিসগুলো যদি ৫ বছর অব্যাহত রাখতে পারি, তাহলে এই সুবিধা দেশবাসীই পাবে।

তিনি আরও বলেন, পার্লামেন্টে যখন আমরা সরকারি দল বসি, আমাদের প্রতিপক্ষ হিসেবে পাশেই বিরোধী দল বসে। তারা যেন ভালো কাজগুলো অ্যাড্রেস করেন। আমরা যে শতভাগ ভালো কাজগুলো করতে পারবো, তাও তো না। ভুল ধরিয়ে দেন। জামায়াতের আমির আমাদের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক শাহাবুদ্দিন শাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ ও জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান প্রমুখ।

আরও পড়ুন