সিঁড়িতে ওঠার সময় শ্বাসকষ্ট: স্বাভাবিক নাকি স্বাস্থ্য সমস্যার লক্ষণ?

সিঁড়িতে ওঠার সময় শ্বাসকষ্ট: স্বাভাবিক নাকি স্বাস্থ্য সমস্যার লক্ষণ?

সিঁড়ি ভাঙার সময় শ্বাসকষ্ট হওয়া বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া হলেও কিছু পরিস্থিতিতে এটি শরীরের অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত দিতে পারে। যুক্তরাষ্ট্রের নর্থ-ওয়েস্টার্ন মেডিসিন ক্যানিং থোরাসিক ইনস্টিটিউটের ফুসফুস বিশেষজ্ঞ ডা. ক্যাথরিন মায়ার্স বলেছেন, অল্প সিঁড়ি ওঠার পর নিঃশ্বাস নিতে কষ্ট হলে বা শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে দেরি হলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।

ডা. মায়ার্সের মতে, সিঁড়ি ভাঙার সময় সাময়িক শ্বাসকষ্ট স্বাভাবিক, তবে এটি বারবার বা আগের তুলনায় বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তিনি ‘দ্য স্কিম ডটকম’-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছেন, শ্বাসনালিতে প্রদাহ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হৃদযন্ত্র দুর্বলতা বা রক্তাল্পতা থাকলে শ্বাসকষ্ট বাড়তে পারে।

শরীরে কোনো বড় সমস্যা না থাকলে সিঁড়ি ভাঙা সহজ করতে অভ্যাস তৈরি করা কার্যকর। ডা. মায়ার্স বলেন, নিয়মিত হাঁটা, হালকা দৌড়ানো ও ঢালু পথে ওঠার অভ্যাস ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং শরীর অক্সিজেন গ্রহণে অভ্যস্ত হয়। এতে সিঁড়ি ভাঙার সময় শ্বাসকষ্ট কমে যায়।

সিঁড়ি দিয়ে ওঠার সময় শরীরে স্বাভাবিকের তুলনায় বেশি অক্সিজেন প্রয়োজন হয়, কারণ পা, পেশি, ফুসফুস ও হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে। ডা. মায়ার্স বলেছেন, কয়েক ধাপ সিঁড়ি ভাঙার পর সামান্য হাঁপানো ও দ্রুত স্বাভাবিক হয়ে যাওয়া উদ্বেগের বিষয় নয়। তবে অল্পতেই ক্লান্তি, বুক ধড়ফড় বা দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কারণ এটি ফুসফুস বা হৃদযন্ত্রের গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে।

আরও পড়ুন