তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী

তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ২৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করে ২৪ জন বিজয়ী হয়েছেন। নির্বাচিত ২৪ আইনজীবীর মধ্যে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৭ জন, যার মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী।

এই ৭ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজনই সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী। মন্ত্রী সভায় স্থান পাওয়া সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী হলেন— অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।

ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইজীবী।

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল মহিলা শিশু ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। তিনিও সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।

আরও পড়ুন