জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
বর্তমানে আলভী শুটিংয়ের কাজে নেপালে রয়েছেন। সেখানে থেকেই তিনি স্ত্রীর আত্মহত্যার খবর জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন।
পোস্টে আলভী লিখেছেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব।”
আলভী তার পোস্টে সবাইকে অনুরোধ করেছেন, “আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”
