বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। তিনি বলেন, যারা বিগত দিনে অন্যায় অপরাধ ও দুর্নীতি করেছেন, তাদের বিচার করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার এএইচএম আজিমুল হক, ভৈরব সার্কেলের পুলিশের এএসপি ফয়জুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
শরীফুল আলম জানান, প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প হিসেবে ১৪টি উপজেলায় কার্যক্রম শুরু হবে, যার মধ্যে ভৈরবও রয়েছে। তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভৈরবের স্বাস্থ্য, শিক্ষা, মেঘনার বাঁধ, সড়ক ও শহর আধুনিকায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে এবং রমজান মাসে অতিমুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।
দুপুর ২টায় ভৈরবের গোপাল জিও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন শরীফুল আলম। এর পর তিনি ভৈরব বাজারে দ্রব্যমূল্যের পরিদর্শন করেন। বিকাল ৩টায় স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় পৌর শহরের চন্ডিবের এলাকায় জোবাইদা ওয়াজির এতিমখানায় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ইফতার করেন।
