আত্মসাৎ করা এই চাল গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

আত্মসাৎ করা এই চাল গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাৎ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আত্মসাৎ করা এই চাল গলা দিয়ে নামবে না।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে অবৈধভাবে নদ-নদী থেকে বালু উত্তোলনসহ সরকারি কাজে অনিয়ম হলে কঠোরভাবে দমন করা হবে। রাজনৈতিক দলের নেতাকর্মী হলেও তাদের ছাড় দেওয়া হবে না। গ্রাম পর্যায়ে ভিজিএফের চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম হলে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হবে।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন উদ্যোগের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খননের কাজ শুরু হয়েছে। খাল খনন হলে কৃষকরা সহজে সেচ দিতে পারবেন, যা দেশের কৃষির জন্য গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরো জানান, সারা দেশে ৫৪ জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে, যাতে কৃষক ইরি-বোরো ধানের মৌসুমে সময়মতো সেচের সুবিধা পেতে পারেন।

অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান সহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন