আদালতের আদেশ অমান্য করায় সুনামগঞ্জের জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন।
আইনজীবী জানান, জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর নৌকাঘাটের ইজারামূল্য বাবদ ৩ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করার পরেও তা বুঝিয়ে দেওয়া হয়নি ইজারাদার ইয়াকবির হোসেনকে। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন ওই ব্যক্তি।
গত ৭ অক্টোবর হাইকোর্ট ১৫ দিনের মধ্যে নৌকাঘাট বুঝিয়ে দিতে ইউএনওকে নির্দেশ দেয়। এই আদেশ যথাযথভাবে জারি হওয়ার পরেও ঘাটের দখল বুঝিয়ে দেননি ওই কর্মকর্তা। পরে তিনি ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।
আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। রুলে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই রুল বিচারাধীন থাকাবস্থায় সংশ্লিষ্ট ইউএনও ওই নৌকাঘাটের জন্য নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরই বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্ট ইউএনও মুশফিকীন নূরকে তলব করেন।
