পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে ইশরাক লেখেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।’
এতে আরও বলা হয়, ‘কোনও বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিক মতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইশরাক হোসেন।
